বঙ্গোপসাগরে ট্রলার ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ৯

আপডেট : ২৭ জুলাই ২০১৫, ১৬:৪৩
 
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার ডুবে জোবায়ের নামে একজন মারা গেছেন। এই ঘটনায় এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে কক্সবাজার ডায়াবেটিকস পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন, ছয় দিন আগে ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে তারা সাগরে মাছ ধরতে যান। আজ সকালে কূলে ফিরে আসার সময় ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
 
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানন, ট্রলারডুবির ঘটনায় ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।