‘ইউরেনিয়াম উত্পাদন বাড়াচ্ছে উত্তর কোরিয়া’

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ১৭:৫৪
 
উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে ইউরেনিয়াম উত্পাদনের সক্ষমতা বাড়াচ্ছে।  স্যাটেলাইটে তোলা সাম্প্রতিক ছবিতে সে রকমই আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞ জেফরি লুইস। খবর রয়টার্সের।
 
 
উত্তর কোরিয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট ৩৮ নর্থ-এর ওপর এক প্রতিবেদনে লুইস বলেছেন, ‘সম্প্রতি স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া গত বছরই দক্ষিণাঞ্চলীয় পিয়ংসান কাউন্টিতে একটি বড় ইউরেনিয়াম মিল নতুন করে চালু করেছে।’
 
তিনি বলেন, ‘এর মানে হচ্ছে উত্তর কোরিয়া কাছাকাছি একটি খনি থেকে ইউরেনিয়াম উত্পাদন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটি খুব সম্ভবত পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াতে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কিংবা ইংবেয়নের পারমাণবিক গবেষণা কেন্দ্রে নির্মাণাধীন একটি পরীক্ষামূলক হালকা পানির পরমাণু চুল্লির জন্য জ্বালানি উত্পাদনেও এ ইউরেনিয়াম কাজে লাগানো হতে পারে।’
 
লুইস আরো জানান, উত্তর কোরিয়ার পিয়ংসান কাউন্টিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম খনি আছে বলে ধারণা করা হয়।