যুদ্ধ প্রস্তুতি থেকে সরে আসছে দুই কোরিয়া

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৯:৫৫
 
সীমান্তে মাইন বিস্ফোরণ নিয়ে তীব্র উত্তেজনার পর দুই কোরিয়ারই সামরিক বাহিনী যুদ্ধপ্রস্তুতি থেকে ক্রমেই সরে আসছে। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের যুদ্ধের প্রস্তুতি শিথিল করায় দক্ষিণ কোরিয়াও প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আসছে।
 
গত সপ্তাহে সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুজন সেনা নিহত হওয়ার পর উত্তেজনা চরমে পৌঁছেছিল। ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে সীমান্তে লাউড স্পিকার দিয়ে উত্তর কোরিয়াবিরোধী সম্প্রচার শুরু করে দক্ষিণ কোরিয়া।
 
যুদ্ধবিরতি মেনে চলা সীমান্তবর্তী পানমুনজম গ্রামে শীর্ষ পর্যায়ে ব্যাপক আলোচনার পর চুক্তিতে উপনীত হয় দুপক্ষ। চুক্তি অনুযায়ী সীমান্ত বরাবর সম্প্রচার বন্ধ করে দক্ষিণ কোরিয়া। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যরাতে উত্তর কোরিয়া তাদের যুদ্ধ প্রস্তুতির অবসানে উদ্যোগ শুরু করে।
 
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা উত্তর কোরিয়ার যুদ্ধ প্রস্তুতি থেকে সরে আসার ইঙ্গিত পেয়েছে। উত্তর কোরিয়া তাদের যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছিল তা এখন আর সেখানে দেখা যাচ্ছে না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘উত্তর কোরিয়া তাদের যুদ্ধের প্রস্তুতি শিথিল করায় আমরাও আমাদের নিজস্ব প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে আসছি।’
 
এ দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণের করার প্রেক্ষাপটে উভয় দেশ তাদের সামরিক বাহিনীকে কয়েকদিন ধরে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখে। সংকটপূর্ণ এ সময়ে সীমান্তবর্তী অঞ্চলে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে মহড়া দিতে এবং উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যায়। সূত্র: এএফপি