সাড়ে ৬ হাজার মোবাইল ব্যাংক এজেন্টের কার্যক্রম বন্ধ

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ২২:১১
 
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বাড়লেও এ ক্ষেত্রে নিয়মের ব্যতয়ও ঘটছে অনেক। তাই জুলাই মাসে ৬ হাজার ৪৩৯ এজেন্টের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে গত মার্চ মাসে প্রায় ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন বন্ধের লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিতদের সেবার আওতায় আনার জন্য চালু করা মোবাইল ব্যাংকিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এ মাধ্যম ব্যবহার করে কেউ যেন অবৈধ লেনদেন করতে না পারে সে জন্য সতর্কতা হিসেবে একই ব্যাংকে একজনের একাধিক অ্যাকাউন্ট থাকলে তা বন্ধের নির্দেশ দেয়া হয়। এ জন্যই অনেক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ১৩ হাজার ৮১১ কোটি টাকা। জুনে লেনদেন হয়েছিল ১২ হাজার ৯৬৯ কোটি টাকা। এতে দৈনিক কগড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬০ কোটি টাকা। আগের মাসে যা ছিল ৪৩২ কোটি টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ।