পুঁজিবাজারে ফের লেনদেন স্বল্পতা

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৮:১৯
 
পুঁজিবাজারে ফের লেনদেন কমতে শুরু করেছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সাড়ে ৩০০ কোটি টাকা। যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এক সপ্তাহ আগেও ডিএসইতে লেনদেন ছিল ৬০০ কোটি টাকার বেশি। গত সপ্তাহ থেকেই কমতে শুরু করে লেনদেনের পরিমাণ। অবশেষে তা কমে সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। 
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারের সার্বিক দিক বিবেচনায় অন্তত সাড়ে ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা লেনদেন না হলে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসগুলো খরচ উঠাতে পারে না। এ অবস্থায় ৩০০ কোটি টাকার ঘরে লেনদেন নেমে আসলে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো চাপে পড়ে যাবে।
 
তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৭১ কোটি  ২৩ লাখ টাকা টাকা কম। লেনদেনকৃত ৩১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।
 
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।