মালয়েশিয়ায় বিক্ষোভে মাহাথিরের সমর্থন

আপডেট : ৩০ আগস্ট ২০১৫, ১৮:২৬
 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। রবিবার দ্বিতীয় দিনের মতো রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন সড়কে হাজার হাজার বিক্ষোভকারী তাদের কর্মসূচি অব্যাহত রাখে।
 
শনিবার সন্ধ্যার দিকে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে বিক্ষোভস্থলে আসেন। তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। নাজিবের পদত্যাগের দাবির প্রতি তার সমর্থন রয়েছে বলে তিনি বিক্ষোভকারীদের জানান।
 
একটি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে শনিবার দেশটিতে এ বিক্ষোভ শুরু হয়। কড়া পুলিশ পাহারার মধ্যে হাজার হাজার লোক বিক্ষোভে অংশ নেন। তবে পুলিশ তাদের বিক্ষোভে বাধা দেয়নি। যদিও পুলিশের ভাষ্য, বিক্ষোভ অবৈধ।
 
IMG0
 
বিদেশি অজ্ঞাত দাতাদের কাছ থেকে প্রধানমন্ত্রী ৭০ কোটি মার্কিন ডলার নেয়ার কথা প্রকাশিত হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। তবে তিনি অর্থ নেয়ার কথা অস্বীকার করে বলেছেন, বিক্ষোভকারীরা মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

পুলিশ জানায়, শনিবারের বিক্ষোভে প্রায় ২৫ হাজার লোক অংশ নেয়। তবে বিক্ষোভকারীদের দাবি এই সংখ্যা দুই লাখ।

বিক্ষোভস্থলে সন্ধ্যার দিকে লোকজনের উপস্থিতি কিছুটা কমে আসে। তবে অনেকে রবিবার দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি নিতে শনিবার রাতে রাস্তায় ঘুমান। রবিবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভের সময়সূচি নির্ধারিত আছে।

 
নাজিব বলেছেন, ‘হলুদ জামা পরা বিক্ষোভকারীরা আমাদের সুনাম নষ্ট করতে চান। তারা বিশ্ববাসীর কাছে মালয়েশিয়ার মুখে কালিমা লেপন করেছে।’
 
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধান অভিযোগ হল, তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়ানএমডিবি বিনিয়োগ তহবিল থেকে ৭০ কোটি ডলার নিয়েছেন। নাজিব কুয়ালালামপুরকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে ২০০৯ সালে এটি প্রতিষ্ঠা করেন।
 
কেবিনেট মন্ত্রীরা বলেছেন, অজ্ঞাত মধ্যপ্রাচ্য উৎস থেকে পাওয়া অর্থ ছিল ‘রাজনৈতিক অনুদান’ যা অন্যায় নয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। সূত্র: এএফপি