কালিগঞ্জে দুই নেতাকে হত্যা: দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট : ৩১ আগস্ট ২০১৫, ১৭:২৫
জেলার কালিগঞ্জ উপজেলায় ভূমিদস্যুদের হাতে নির্মমভাবে খুন হওয়া ভূমিহীন নেতা আশরাফ মীর ও ইসাহাক আলী গাজীর হত্যাকারীদের শাস্তির দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূমিহীন জনপদের অর্ধশতাধিক নারী ও পুরুষ।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নিহত ভূমিহীন নেতা আশরাফ মীরের স্ত্রী ফজিলা বেগম।
 
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ অগাস্ট এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও হত্যাসহ একাধিক মামলার আসামি কালিগঞ্জের ইন্দ্র নগর গ্রামের আবুল হোসেন পাড় , শহিদুল পাড়, করিম পাড় ও রহিম পাড়সহ শতাধিক সন্ত্রাসী ভূমিহীন জনপদ চিংড়িখালী ও বৈরাগীর চক এলাকায় হামলা চালিয়ে আশরাফ মীর ও ইসাহাক আলী গাজীকে নির্মমভাবে হত্যা করে। এ সময় আহত হয় বহু ভূমিহীন লোক। এ ঘটনায় মামলা করতে গেলে কালিগঞ্জ থানা পুলিশ মামলাটি রেকর্ড করেনি। উল্টো থানার এ এস আই সাগর আলী নিজে বাদী হয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং প্রকৃত হত্যাকারীদের বাঁচানোর জন্য থানায় পৃথক দুটি  মামলা করেন। ওই মামলায় আশরাফ মীরের ছেলে অনার্স পড়ুয়া হাবিব মীর, নিহত ইসাহাক আলী গাজীর ভাই শহিদুল গাজী, ভাইপো ইসরাইল, মিকাইল, জামাতা তাইজুল, লুৎফরসহ ভূমিহীন জনপদের অনেককে আসামি করা হয়।
 
হত্যকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যস্থা গ্রহণের জন্য সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদনও জানানো হয়ে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।