ইসলামিক স্টেটের (আইএস) তাদের নিজস্ব মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আইএস। হলিউডের একটি যুদ্ধের চলচ্চিত্রের ভিডিও প্রকাশ করে সংগঠনটি তাদের নিজস্ব মুদ্রা স্বর্ণের দিনারের সাথে পরিচয় করিয়ে দেয়।
সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আধা ঘণ্টা দীর্ঘ ঐ ভিডিওটির শিরোনাম ছিল ‘সোনার দিনারের পুনারাগমন’। শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়।
ব্লুমবার্গের প্রতিবেদনে অনুযায়ী, গত বছর আইএসের শরিয়া কাউন্সিল গোষ্ঠীটির বায়তুল মাল বা ট্রেজারিকে নতুন মুদ্রা তৈরির নির্দেশ দিয়েছিল। সোনা, রূপা ও তামার তিন ধরনের মুদ্রা ছাড়া হয়েছে বলে ভিডিওটি বলা হয়।
ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকার তেল শোধনাগারের খনিজ তেল বিক্রি, বিভিন্নভাবে আদায়কৃত কর বাবদ আইএসের তহবিলে কোটি কোটি ডলার জমা হয়েছে। এছাড়া ব্যাংক ও অলঙ্কারের দোকান লুট, চাঁদা, চোরাচালান ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মাধ্যমেও সংগঠনটির অর্থের জোগানের গুরুত্বপূর্ণ উত্স।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, আইএস নিজপায়ে দাঁড়ানো একটি অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। এর প্রতিদিন ৩০ লাখ ডলারেরও বেশি আয় করছে।
টুইন টাওয়ারে ৯/১১ এর হামলার পর মুদ্রা চালু করা যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ধাক্কা বলে দাবি করেছে আইএস।
মার্কিনিদের মতো উচ্চারণ করে ইংরেজিতে ধারা ভাষ্যে বলা হয়েছে, মুদ্রাগুলোতে ইসলামিক প্রতীক মুদ্রিত করা হয়েছে। ইসলামি শরিয়া আইন অনুযায়ী পুরোপুরি মানুষের ও প্রাণীর ছবি বর্জন করা হয়েছে।
