পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ৬

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৫, ১১:৫২


পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই পার্বত্য অঞ্চলের শাওয়াল উপত্যকার একটি বাড়ি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এতে সন্দেহভাজন ছয়জন জঙ্গি-বিদ্রোহী নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অধিবাসীরা সেখানে গিয়ে ধ্বংসস্তূপের মধ্য থেকে নিহতদের লাশগুলো সরিয়ে আনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আরো কয়েকজন জঙ্গির লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পাকিস্তানের পার্বত্য অঞ্চলে ১২ দফা ড্রোন হামলা চালানো হল। এসব হামলায় অন্ততপক্ষে ৭৮ জন নিহত ও বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।