রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা ও অপর কয়েকজনকে আহত করার পর বেইজিংয়ের পুলিশের গুলিতে আহত হয়েছে হামলাকারী। মঙ্গলবার বেইজিংয়ের শহরতলির চাওইয়াং এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর সিনহুয়া ও রয়টার্সের।
পুলিশ হামলাকারীকে আটক করার চেষ্টা করলে ছুরি নিয়ে প্রতিরোধ করেন সে। একপর্যায়ে পুলিশের গুলিতে আহত হয়ে গ্রেপ্তার হয় হামলাকারী। হামলাকারীসহ অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ বছর বয়সী এই হামলাকারী উত্তর পূর্বাঞ্চলীয় হেইলঅনজিয়াং প্রদেশের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। হামলার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। চীনে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে দেশটির সরকার। পরিস্থিতি মোকাবিলায় হামলাপ্রবণ এলাকাগুলোতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
