তুরস্কে কুর্দিপন্থীদের কার্যালয়ে হামলা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৩
 
তুরস্কের আঙ্কারায় কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) কার্যালয়ে হামলা চালিয়েছে জাতিয়তাবাদীরা। দেশটিতে কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও সরকারের মধ্যকার চলমান টানাপোড়েনের মধ্যে এ ঘটনা ঘটল। খবর আলজাজিরার।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাতিয়তাবাদীরা এইচডিপির কার্যালয় ভবনকে লক্ষ্য করে পাথর ছোড়ে ও বাইরে কুর্দি-বিরোধী স্লোগান দেয়। এইচডিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কোনো ব্যবস্থা নেয়নি।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে—এইচডিপির ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। অবশেষে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সামাজিক গণমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা গেছে।
 
তুরস্কে স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলনরত পিকেকের (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) রাজনৈতিক শাখা এইচডিপি। সমপ্রতি তুর্কি সামরিক সদস্যদের ওপর পিকেকের সিরিজ হামলার পরিপ্রেক্ষিতে দলটিকে নির্মূলের হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সরকার।