নোবেল পুরস্কারের জন্য সিসিকে মনোনয়ন!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪০
 
মিশরের স্বৈরশাসক জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসিকে ২০১৫ সালের নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা ইউএনএআরটিএসের মধ্যপ্রাচ্যের কার্যালয় তাকে এই মনোনয়ন দেয়। সম্প্রতি দেশটির সরকারি সংবাদমাধ্যম কায়রো পোস্ট এই তথ্য জানিয়েছে।
 
কায়রো পোস্ট জানিয়েছে, নোবেল শান্তি পদকের জন্য সিসির মনোনয়ন স্টকহোমে নোবেল শান্তি কমিটিতে পাঠানো হয়েছে। এতে সিসিকে মনোনয়নের কারণ হিসেবে ‘শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, ৩০ জুন ভয়াবহ বিপদ থেকে মিশরকে রক্ষায়’ তার অবদান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
 
মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ২০১৪ সালে জেনারেল সিসি দায়িত্ব নেন। এরপর থেকে বিরোধী আন্দোলনকারীদের প্রতি কঠোর অবস্থান  ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মানবাধিকার সংগঠনের দ্বারা সমালোচিত হন। 
 
হিউম্যান রাইটস ওয়াচের ভাষ্যে, মুরসির পতনের পর থেকে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দশ হাজারেরও বেশি মানুষ গ্রেফতার হয়েছেন। 
 
চলতি বছর হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের মে পর্যন্ত অন্তত ৪১ হাজার মানুষকে আটক, অভিযুক্ত ও শাস্তি দেয়া হয়েছে। এছাড়া বন্দীদের ওপর নির্যাতনের কথাও জানানো হয়েছে প্রতিবেদনটিতে। খবর: মিডল ইস্ট আই ও কায়রো পোস্ট।