চ্যলেঞ্জের মুখে টনি অ্যাবটের নেতৃত্ব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫০
 
নেতৃত্বে থাকা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অ্যাবটকে সরে যেতে বলেছেন দলটির আরেক জ্যেষ্ঠ নেতা যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল। অনেকদিন ধরেই টার্নবুলকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
 
সোমবার বিকেলে দফতরে গিয়ে অ্যাবটের সঙ্গে দেখা করে নতুন করে দলের নেতৃত্ব নির্বাচন করতে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। এক সংবাদ সম্মেলনে টনি অ্যাবট জানিয়েছেন, 'আমি নেতৃত্ব নির্বাচনে অংশ নিবো। আশা করছি আমিই জিতবো।'
 
সোমবার টার্নবুল জানিয়েছেন, অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়ে অ্যাবোটের উপরে আস্থা হারিয়েছেন তিনি। এ কারণে অ্যাবোটের নেতৃত্বের বিষয়ে তিনি চ্যালেঞ্জ জানাতে পারেন, এ কথা অ্যাবটকে জানিয়েছেন।
 
রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে টার্নবুল বলেন, 'অর্থনীতির বিষয়ে আমাদের জাতিকে যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার, প্রধানমন্ত্রী তা দিতে আর সক্ষম নন। ব্যবসার জন্য যে ধরনের আস্থার পরিবেশ দরকার তিনি তা দিতেও সক্ষম নন।'
 
সাত মাস আগে লিবারেল পার্টির নেতৃত্বের চ্যালেঞ্জে জয়ী হয়েছিলেন অ্যাবট। সাত মাসের মাথায় ফের চ্যালেঞ্জের মুখে পড়লেন তিনি। সূত্র: রয়টার্স, বিবিসি