পাকিস্তানের পেশোয়ারে বিমানবাহিনীর একটি ঘাঁটিতে তালেবানের সশস্ত্র হামলার সময় ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির এই ঘটনায় কমপক্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার সকালে বাদাবের এলাকার ইনকালাব রোডে বিমান বাহিনীর ওই ঘাঁটিতে হামলা হয়। খবর ডন’র।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল অাসিম বাজওয়া টুইটারে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে আট হামলাকারী নিহত হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলে বাকি হামলাকারীদের ধরতে তল্লাশি চলছে।
আসিম বাজওয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, অন্তত ১০ জন বন্দুকধারী গার্ড পোস্টে হামলা চালিয়ে ঘাঁটিতে ঢুকে পড়ে।
সকালে হামলা শুরুর পরপরই কুইক রিঅ্যাকশন ফোর্সের (কিউআরএফ) বিপুল সংখ্যক সদস্যকে ওই ঘাঁটিতে ঢুকতে দেখা যায়। আশেপাশের সড়কগুলোও বন্ধ করে দেয়া হয়। গোলাগুলির শব্দ দূর থেকেও পাওয়া যায়।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিমান ঘাঁটির ওপর দিয়ে হেলিকপ্টারে টহল চলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলাকারীদের পরনে কালো মিলিশিয়া পোশাক ও সাদা জুতা ছিল।
ডন অনলাইনের খবরে বলা হয়েছে, এই হামলায় প্রায় ২২ জন আহত হয়েছে। এর মধ্যে ২০ জনকে পেশোয়ারে সিএইচএম হাসপাতালে পাঠানো হয়েছে।
হামলার পার্শ্ববর্তী এলাকায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।
