নিউইয়র্কে প্রথমবারের মতো স্কুল বন্ধ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ০৪:০১

মুসলমানদের অন্যতম ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ১৮ শ’ সরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রথম কোনো ঈদে স্কুল বন্ধ ঘোষণা করা হলো। এই পদক্ষেপে খুশি মুসলমান শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।-খবর খালিজ টাইমসের

 

নিউইয়র্কেই সবচেয়ে বেশি স্কুল আছে। কর্তৃপক্ষের এই ঘোষণার ফলে দশ লাখের বেশি শিশু ঈদুল আজহা উপলক্ষে ছুটি ভোগ করতে পারবে। দেশটিতে যখন ইসলামোফোবিয়ার কারণে মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে তখন নিউইয়র্ক কর্তৃপক্ষের এই পদক্ষেপ মুসলমানদের জন্য এক বিরাট জয় বলে মনে করা হচ্ছে। নাইন ইলেভেনের ঘটনার পর যুক্তরাষ্ট্রের মুসলমানদের নিয়ে নানা সন্দেহ বিরাজ করতে শুরু করে। গত মার্চে নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিয়ো নতুন এই নীতির কথা ঘোষণা করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই দিনের ছুটি দেয়া হয়। কুইনসের জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক শামসি আলী বলেন,একজন অভিভাবক হিসেবে আমি খুবই খুশি। আমি নিশ্চিত যে, এই পদক্ষেপ মুসলমানদের মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের অধিকারের প্রতি সচেতন করবে।