রুশ-মার্কিন হামলার মধ্যেও থেমে নেই আইএস

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৫:৫২
রাশিয়ান ও মার্কিন বিমানবাহিনীর অব্যাহত হামলার মধ্যেও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটস সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপুর্ণ শহর আলেপ্পোর কয়েকটি গ্রামের দখল নিয়েছে।  শুক্রবার এই খবর জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
 
 
মানবাধিকার সংস্থাটি জানায় ইসলামিক স্টেটস আলেপ্পোর উত্তরের কিছু গ্রামের দথল নিয়েছে। আগস্টের শেষ দিকে আইএস উত্তর আলেপ্পোয় তুরস্ক সীমান্তের কাছে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করার সময় থেকে লড়াইয়ে এটিই তাদের সবচেয়ে বড় অগ্রগতি বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বার্তা সংস্থা এএফপি নিজস্ব প্রতিনিধির বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। আলেপ্পোর কাছেই লড়াইয়ের আরেক ঘটনায় এ সপ্তাহে ইরানের এক ঊর্ধ্বতন কমান্ডার জেনারেল হোসেইন হামেদানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারী গার্ড বাহিনী।  ইরান বৃহস্পতিবার বলেছে, ইসলামিক স্টেটসের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন তিনি। সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে মিলে ইরান ইসলামিক স্টেটসের বিরুদ্ধে যুদ্ধ করছে।
 
IMG0
 
 
এদিকে, বিবিসি নিজেদের সিরিয়া প্রতিনিধির বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিমান বাহিনীর গোলাবারুদ ইসলামিক স্টেটস নয়, বরং আসাদ বিরোধী বাহিনীর উপর আঘাত হানছে। আর এতেই ইসলামিক স্টেটসের শক্তি বৃদ্ধি পাচ্ছে। রাশিয়ার জঙ্গিবিমান এবং যুদ্ধজাহাজগুলো সিরিয়াজুড়ে ১০ দিন ধরে আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে মস্কো। বিবিসি