মদ বহনের কারণে বেত্রাঘাতের নির্দেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৪:০১
সৌদি আরবে কার্ল আন্দ্রে নামের এক ৭৪ বছর বয়সী ব্যক্তিকে গাড়িতে মদ বহনের অভিযোগে ৩০০ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবের ধর্মীয় পুলিশের হাতে এক বছর ধরে আটক এই ব্রিটিশের পরিবার জানিয়েছে তিন ধরণের ক্যান্সারে আক্রান্ত এই ব্যক্তি এই সাজা ভোগ করলে কার্লের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।


কার্লের এক বছরের কারাভোগের মেয়াদ শেষ হওয়ায় এবং বয়স ও স্বাস্থ্যগত কারণে তাকে বেত্রাঘাতের শাস্তি নাও দেওয়া হতে পারে বলে আশা করছে পরিবার। এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যত দ্রুত সম্ভব কার্লের মুক্তির চেষ্টা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আমাদের দূতাবাস থেকে কার্লকে অব্যাহতভাবে সহায়তা দেওয়া হচ্ছে। নিয়মিত তার খোঁজখবর নেওয়া এবং তার আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সৌদি আরবে মদ্যপান ও মদ রাখা অবৈধ। ২০১৪ সালের আগস্টে গাড়িতে ঘরে তৈরি ওয়াইন বহনের অভিযোগে কার্লকে গ্রেফতার করা হয়। বিবিসি।