কালিয়াকৈরে ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত, আটক ১

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২০:৫০
 
গাজীপুরের কালিয়াকৈরে যুবকের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় ঐ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সূত্রাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
 
নিহত স্কুলছাত্রীর নাম কবিতা মনি দাস। সে স্থানীয় বিজয় সরণী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী ও ধামরাইয়ের রামরাপুর এলাকার সাগর মনি দাসের কন্যা।কবিতা কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকায় নানাবাড়ি থেকে পড়াশোনা করত। আটক যুবক বিক্রম চন্দ্র সরকার। তিনি সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় বর্ষের ছাত্র।
 
পুলিশ জানায়, দুপুরে কবিতা টেস্ট পরীক্ষা দিতে স্কুলে আসে। এসময় গেটের কাছাকাছি পৌঁছালে বিজয় কবিতাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। দেখতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা ঐ তাকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে বিজয়কে আটক করে। এসময় মারাত্মক আহতাবস্থায় কবিতাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
 
চিকিত্সক আল-ইমরান মাহমুদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কবিতার মৃত্যু হয়েছে। কবিতার বুক, হাত, পেট ও গলার কাছে আঘাদের চিহ্ন রয়েছে।
 
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজয়কে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।