ওয়ার্ক পারমিট জটিলতা : মুক্তি পেল আটক ইরানি শিক্ষকেরা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৯:৩৩
 
সংযুক্ত আরব-আমিরাত ওয়ার্ক পারমিট সংক্রান্ত জটিলতায় আটক ইরানের শিক্ষকদের ছেড়ে দিয়েছে। কাজের অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে তাদেরকে নয়দিন আটক রাখা হয়েছিল। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়।
 
সংযুক্ত আরব-আমিরাতে অবস্থিত ইরানের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের জন্য তেহরান এসব শিক্ষককে পাঠায়। শিক্ষকদের আটকের প্রতিবাদে এ সপ্তাহের গোড়ার দিকে ইরান সে দেশে নিযুক্ত আমিরাতের 'চার্জ দ্য অ্যাফেয়ার্স'কে ডেকে পাঠায়।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রীর বরাত দিয়ে ইরনার খবরে বলা হয়, 'কয়েক মিনিট আগে ইউএই আটক শিক্ষকদের ছেড়ে দিয়েছে।' ইউএই'র এক কর্মকর্তা জানান, ইরানের এসব শিক্ষকের ওয়ার্ক পারমিট কেবলমাত্র দুবাইয়ের জন্য বৈধ ছিল। আবুধাবির জন্য তাদের কাজের অনুমতি পত্র বৈধ ছিল না। ফলে গত ৭ অক্টোবর আবুধাবির আল-আইন শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।