ইসরাইলের দক্ষিণাঞ্চলের বীরশেবা এলাকায় রবিবার রাতে বন্দুক ও ছুরি হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছে। গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
হামলাকারী একজন আরব বলে দাবি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। সেখানে দাঁড়িয়ে থাকা ইরিত্রিয়ার এক নাগরিককে হামলাকারীর সহযোগী মনে করে গুলি ও পিটিয়ে আহত করা হয়। পরে তার মৃত্যু হয়।
চলতি মাসে ফিলিস্তিনিদের হামলায় এ পর্যন্ত ৮ ইসরাইলি নিহত হয়েছে। এসময় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলের সেনা ও দুদেশের স্থানীয় হামলাকারীরাও নিহতদের মধ্যে রয়েছে। এছাড়াও ইসরাইলি বিমান থেকে ফেলা বোমায় মা ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইলি নিরাপত্তা বাহিনী জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করার পর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন কয়েক দিনের মধ্যে ছুরিকাঘাতে বেশ কজন ইসরাইলি ও ফিলিস্তিনি নাগরিক নিহত হন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি শান্তি প্রতিষ্ঠায় চলতি সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পৃথকভাবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় বীরশেবার কেন্দ্রীয় বাসস্টেশনে এক বন্দুকধারী গুলি করে ১৯ বছর বয়সী সার্জেন্ট ওমরি লেভিকে হত্যা করে। এরপর সে ওই সেনা সদস্যের বন্দুক ছিনিয়ে নিয়ে লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে।
এ সময় হামলাকারী ভেবে সেখানে উপস্থিত এক ইরিত্রিয়ার এক নাগরিককে গুলি করে পুলিশ। এতে সে গুরুতর আহত হয়। এরপর উপস্থিত লোকজন তাকে নির্বিচারে পেটায়। একপর্যায়ে তার মৃত্যু হয়।
