ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১৬:১৭
 
ভারত ও রাশিয়া আগামী ১০ বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন মঙ্গলবার ২১তম ভারত-রাশিয়া আন্তঃসরকার পরামর্শক সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন। তারা ২০২৫ সাল নাগাদ পারস্পরিক প্রত্যক্ষ বিনিয়োগ ১৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চান। গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব বাণিজ্যিক লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষ বিভিন্ন খাত চিহ্নিত করেছে। ২০১৪ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছিল ৯ দশমিক ৫১ বিলিয়ন ডলারের। ভারত রাশিয়ায় রপ্তানি করেছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার ও আমদানি করেছিল ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। উভয় পক্ষ তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে যেসব ক্ষেত্র চিহ্নিত করেছে তার মধ্যে কৃষি, ফার্মাসিউটিক্যালস ও অবকাঠামো রয়েছে। বাসস।