তুরস্কে ২ পুলিশ ও ৭ আইএস জঙ্গি নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০১৫, ২১:৩৭
 
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে অভিযান চলাকালে দু’পক্ষের গোলাগুলিতে দুই পুলিশ ও ইসলামিক স্টেটের (আইএস) সাত জঙ্গি নিহত হয়েছেন।
 
সোমবার ভোররাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াপিনার জেলার কুর্দি অধ্যুষিত শহর দিয়ারবাকিরে শহরে এ ঘটনা ঘটেছে বলে তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। সম্প্রতি রাজধানী আঙ্কারায় সরকারবিরোধীদের  শান্তি সমাবেশে জোড়া আত্মাঘাতী বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হন। হামলার জন্য আইএসকে দায়ী করে সরকার।
 
তারপর থেকে সন্দেহভাজন আইএস সেলগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করে তুর্কি কর্তৃপক্ষ। তবে ১০ অক্টোবরের ওই হামলায় আইএসের সঙ্গে সিরিয়ার গোয়েন্দা পুলিশ ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরাও জড়িত বলে গেল সপ্তাহে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট তাইয়িপ এরদোয়ান। অপরদিকে হামলার জন্য সরকারকে দায়ী করেছে সমাবেশকারীরা। সূত্র: রয়টার্স