খুলনায় ২ জুটমিল শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা

আপডেট : ০২ নভেম্বর ২০১৫, ১৭:১৩
খুলনার রাষ্ট্রয়ত্ত্ব খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা পাটক্রয়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও মজুরি বৈষম্য দূরীকরণসহ চার দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।
 
সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নয়দিনের কর্মসূচি ঘোষণা করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খালিশপুর জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সরদার আলী।
 
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল, ১৩ নভেম্বর মিলের প্রধান গেট সংলগ্ন খালিশপুর বিআইডিসি সড়কে শ্রমিক জনসভা, ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একই সড়কে মানববন্ধন, ২০ নভেম্বর বিক্ষোভ মিছিল ও পথসভা।
 
খালিশপুর জুট মিল শ্রমিকদের ঘোষিত এসব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অপর রাষ্ট্রায়ত্ত্ব দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।
 
এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 
 
লিখিত বক্তব্যে বলা হয়, রাষ্ট্রায়ত্ত্ব খালিশপুর জুটমিলে বর্তমানে কাঁচাপাট না থাকার কারণে মিলটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মিলটি চালু রাখতে অতি সত্ত্বর পাট কেনা প্রয়োজন। মিলটি বন্ধ হয়ে গেলে শ্রমিক-কর্মচারিসহ হাজারো মানুষ বেকার হয়ে যাবে।
 
এ সময় খালিশপুর জুট মিলের সিবিএ সভাপতি মো. সেলিম শিকদার, শ্রমিক নেতা আব্দুল মজিদ বকুল, খলিলুর রহমান, ইউসুফ আলী শিকদার, মো. কওছার আলী, মিলু মিয়া, সেকেন্দার আলী, লুৎফর আলী, মো. মকিম শেখ, মোজাম্মেল হোসেন, পিলটন, তোফাজ্জেল হোসেন মফিজ, মো. হিমায়েত হোসেন, দৌলতপুর জুট মিলের শ্রমিক নেতা মো. মতিয়ার রহমান ও মো. বেল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।