মালদ্বীপে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৬:৪৩
মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন বুধবার জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি সরকার বিরোধী বড় ধরণের প্রতিবাদ সমাবেশের আগে সন্দেহভাজনদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়েছেন।
 
প্রেসিডেন্টের মুখপাত্র মুয়াজ আলী এক টুইট বার্তায় জানান, মালদ্বীপ ৩০ দিনের জন্য জরুরী অবস্থা জারি করেছে। জরুরি অবস্থার ঘোষণা আসলো এমন সময়ে ‍যখন দেশটির প্রধান বিরোধী দল  মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে বিক্ষোভ করতে প্রস্তুতি নিচ্ছে। দলটির নেতা মোহাম্মদ নাশিদকে গত মার্চে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
 
IMG0
 
প্রেসিডেন্ট ইয়ামিনের মুখপাত্র মুয়াজ আলির টুইটে বলা হয়, প্রেসিডেন্ট ইয়ামিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া অ্যাটর্নি  জেনারেল মোহাম্মদ অনিল জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অস্ত্র ও গোলাবারুদের একটা বিশাল মজুদ উদ্ধার করা হয়েছে যা সরকারের বিরুদ্ধে নাশকতার কাজে ব্যবহার করতে নিয়ে আসা হয়েছিল। মালদ্বীপ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে। ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে প্রেসিডেন্টকে হত্যা করার ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার করা হয়। বিবিসি।