ইয়েমেনে বোমা বিস্ফোরণে ১৬ সেনা নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৫, ২০:৩০
 
ইয়েমেনের মারিব প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে সরকারি বাহিনীর ১৬ জন সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির সেনা সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স।
 
সূত্র জানিয়েছে, মারিবে সেনাবাহিনীর একটি ক্যাম্পের পাশে টহল দলকে লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। তবে এর সাথে কারা জড়িত সে সম্পর্কে স্পষ্ট করে এখনো কিছু জানা যায়নি। ঘটনায় আরো ছয় জন সেনা সদস্য আহত হয়েছেন।
 
আরব উপদ্বীপের সবচেয়ে গরিব এই দেশটিতে গত সাত মাসে বহুপাক্ষিক লড়াইয়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ ও ইরানের অনুগত হুতি বিদ্রোহীদের সঙ্গে নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুরের অনুগত বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যে এই লড়াই চলছে।
 
জোট বাহিনী ইয়েমেনে প্রায় প্রতিদিনই বিমান হামলা অব্যাহত রাখলেও দক্ষিণাঞ্চল ছাড়া দেশটির অধিকাংশ এলাকাই হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। সূত্র: রয়টার্স