চলমান সংঘর্ষে শুক্রবার তিন ফিলিস্তিনি এবং দুই ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হওয়ার পর ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষভাবে পশ্চিম তীরের হেবরন শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। খবর আলজাজিরার।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে শুক্রবার বিকালে ইসরাইলি বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী লাফি আওয়াদ নিহত হন। একই দিন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরনের আল-আহলি হাসপাতালে হাসান জিহাদ আল বাও নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হন। সকালে এক বিক্ষোভে অংশ নেয়ার সময় ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি আহত হয়েছিলেন। এর আগে সংঘর্ষ চলাকালে ওই হাসপাতালে অভিযান চালালে ইসরাইলি বাহিনীর গুলিতে মারা যান ১৮ বছর বয়সী মাহমৌদ আল সালালদেহ।
একই দিন ইসরাইলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, পশ্চিম তীরের হেবরন এলকাকার একটি অবৈধ বসতি ওটনাইলের কাছে এক বন্দুকধারী বসতি স্থাপনকারী ইসরাইলি গুলি চালায়। এতে দুই বসতি স্থাপনকারী নিহত এবং একজন আহত হন।
এরই মধ্যে পশ্চিম তীরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে—হেবরন এবং এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। হেবরন-ভিত্তিক সংগঠন ইয়ুথ অ্যাগেনেইস্ট সেটলমেন্টের সমন্বয়কারী ইসা আমরো টেলিফোনে আল জাজিরাকে বলেন, ‘এখানে পরিস্থিতি খুব খারাপ। মানুষজন খুবই ক্ষুব্ধ।’
