ফ্রান্সে জিহাদিদের ধরতে দফায় দফায় অভিযান

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৬:০৯
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিশেষত লিওঁ এলাকায় সোমবার ভোরে দফায় দফায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৫ জনকে আটক এবং বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালজ।
 
স্থানীয় পুলিশ জানায়, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওঁ নগরীতে ১৩ দফা পুলিশি অভিযান চালানো হয়েছে। অভিযানকালে পাঁচ জনকে আটক এবং একটি রকেট লঞ্চার, একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, বুলেট প্রুফ ভেস্ট ও কয়েকটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্যারিসে ভয়াবহ হামলার পরে আবারো ফ্রান্স ও ইউরোপের কয়েকটি দেশে হামলা করার পরিকল্পনা করা হচ্ছে।
 
তিনি বলেন, আমরা জানতাম যে হামলার পরিকল্পনা করা হচ্ছিল এবং এখনো সে পরিকল্পনা করা হচ্ছে। সেই পরিকল্পনা শুধু ফ্রান্সের জন্য নয় অন্য ইউরোপিয়ান দেশগুলোর জন্যও হচ্ছে। বাসস।