চাঁপাইনবাবগঞ্জে উচ্ছেদকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ২২:১৬
চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে উঠা অবৈধ বানিজ্যিক স্থাপনা ও বস্তি উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন সোমবার দুপুরে পুলিশের সঙ্গে বস্তিবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ চালায়। এ সময়  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ২৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে।
 
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রবিবার থেকে অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানের দ্বিতীয় দিনে সোমবার স্থাপনা উচ্ছেদ শুরু করলে বাধা দেয় বস্তিবাসীরা। দুপুর ১২ টার দিকে রেল স্টেশনের সামনে অবৈধভাবে গড়ে উঠা একটি গোডাউন উচ্ছেদ করার সময় একজন দেয়াল চাপা পড়ে মারা গেছে এমন গুজব ছড়িয়ে দেয় বস্তির লোকজন। এরপর তারা পুলিশ ও রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন সামান্য আহত হয়েছেন। এ সময় রেল পুলিশ আট রাউন্ড ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, বুধবার থেকে আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
 
রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।