প্যারিস হামলার পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১১:১৮
প্যারিস হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশ করেছে ফ্রান্স। মরক্কোর বংশোদ্ভূত আবদেল হামিদ আবআউদ (২৭) নামের ঐ যুবক বেলজিয়ামের নাগরিক। বর্তমানে তিনি সিরিয়ায় রয়েছেন।
 
আবদেলের বাবা ওমর আবআউদ পেশায় একজন মুদি দোকানদার। ৪০ বছর আগে তিনি খনিতে কাজ করতে মরক্কো থেকে বেলজিয়ামে এসেছিলেন। এরপর আস্তে আস্তে তার জীবনে উন্নতি এসেছে। একটি দোকান কিনে তিনি ব্যবসা শুরু করেন। পরবর্তীতে আবদেলকেও আরেকটি দোকান কিনে দেন।
 
ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ২০১৩ সালে আবআউদ সিরিয়ায় আইএসে যোগ দেয়। পরবর্তীতে তিনি তার ছোট ভাই ইউনিস আবআউদকে (১৩) আইএসে নিয়োগ দেন।
 
এর আগে অবশ্য আবদেলের পরিবার জানিয়েছিল, সে মৃত। তবে পুলিশ জানিয়েছে, ঐ সময় তার পরিবার পুলিশকে ভুল তথ্য দিয়েছে।
 
জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে বেলজিয়ামের ভারভিয়ার্সে গত জানুয়ারিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সে সময় পুলিশের গুলিতে দুইজন নিহত হয়। এছাড়া আহত হয় আরো দুইজন। আবদেলের দাবি করেছিলেন, তিনি ঐ সন্ত্রাসী গ্রুপটির নেতা। এ ঘটনায় তার অনুপস্থিতিতে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল।
 
সিরিয়ায় আবদেল হামিদ জঙ্গিদের কাছে আবু ওমর সৌসি ওরফে আবু উমর আল বালজিকি নামে পরিচিত। আইএসের পক্ষে প্রচারিত ভিডিও বার্তাগুলোতে তাকে ভারী অস্ত্রসহ দেখা গেছে।