আরো দুই জিম্মিকে হত্যা করেছে আইএস

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১১:৩৮

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট দাবি করেছে তারা দুইজন জিম্মিকে হত্যা করেছে। ওই দুইজনের একজন নরওয়ে ও একজন চীনের নাগরিক।

নরওয়ের নাগরিকের নাম ওলে জোহান গ্রিমসগার্ড (৪৮) ও চীনের নাগরিকের নাম ফান জিংহাই (৫০)। ইসলামিক স্টেট অবশ্য কখন ও কোথায় তাদের হত্যা করা হয়েছে সেটা জানায়নি। এর আগে এই দুই দেশের কাছে মুক্তিপণ দাবি করেছিল জঙ্গি সংগঠনটি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার সত্যতা স্বীকার করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জ্ঞাপন করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ পুরো মানবজাতির শত্রু। চীন সব ধরণের সন্ত্রাসবাদী আদর্শের বিরোধিতা করে এবং এর বিরুদ্ধে লড়াই করবে। এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী এরিস সোলবার্গ নিশ্চিত করেছিলেন, দেশটির নাগরিক ওলে জোহান গ্রিমসগার্ডকে আইএস হত্যা করেছে। তিনি বলেন, এই ঘটনা তার পরিবার ও পুরো দেশের জন্য দুঃখজনক। যদিও আমরা কষ্ট পাচ্ছি তারপরেও আমাদের কখনো সন্ত্রাসীদের জিততে দেওয়া উচিত হবে না। বিবিসি।