ফিলিপাইনে সংঘর্ষে ৮ আইএস সমর্থক নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৮:১৪
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৈন্যদের সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে একটি অপরাধ চক্রের আট সমর্থক নিহত হয়েছে। এরা চরমপন্থী ইসলামি জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর আনুগত্য স্বীকার করে ছিল।
 
বৃহস্পতিবার প্রত্যন্ত শহর পালিমবাংয়ে উভয়পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চলে।  খবর বার্তা সংস্থা এএফপি-র। ক্যাথলিক খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ফিলিপাইনের পালিমবাং শহরে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী বাস করে।
 
কয়েক দশক ধরেই গোলযোগপূর্ণ এই অঞ্চলটিতে সহিংসতা ও সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আঞ্চলিক মুখপাত্র মেজর ফাইলমোন তান বলেন, অপরাধীরা আনসার আল-খালিফার সদস্য। ছোট জঙ্গি গোষ্ঠীটি গত বছর ইন্টারনেটের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য স্বীকার করেছে। 
 
সেনাবাহিনী জানিয়েছে, জিহাদিদের কাছ থেকে এ ধরনের অপরাধী গোষ্ঠীগুলোর সহায়তা পাওয়ার কোন প্রমাণ নেই। অপেক্ষাকৃত বড় জঙ্গি গোষ্ঠী আবু সায়েফ গ্রুপ আইএস-এর আনুগত্য স্বীকার করে থাকতে পারে। 
 
আবু সায়েফ গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। গোষ্ঠীটি অন্তত চারজন বিদেশি নাগরিককে জিম্মি করেছে এবং তাদের মুক্তিপণ হিসেবে লাখ লাখ মার্কিন ডলার দাবি করেছে। তান বলেন, সংঘর্ষের পর জঙ্গিদের কাছ থেকে ইসলামিক স্টেটের মতো ৫টি কালো পতাকা উদ্ধার করা হয়েছে।
 
তান আরো বলেন, সেনা সদস্যরা গোয়েন্দা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় নিহত ৮ জনের মধ্যে একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাসস।