চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণ মারাত্মক রূপ নিয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা 'রেড এলার্ট'। দূষণের হাত থেকে শিশুদের রক্ষা করতে শহরের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রেড এলার্ট চীনে দূষণের সর্বোচ্চ সতর্কতা। এর আগে সেখানে কখনোই এই মাত্রায় সতর্কতা জারি করা হয়নি। কর্মকর্তাদের আশঙ্কা, আগামী তিন দিন ঘন ধোঁয়াশায় ঢাকা থাকতে পারে শহরটির আকাশ।
বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে একই দিনে জোড় ও বিজোড় নম্বর প্লেটের ছোট গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে গাড়িগুলো একদিন পর পর বেইজিংয়ের রাস্তায় নামার সুযোগ পাবে।
চীনের সিসিটিভি চ্যানেলের খবরে জানানো হয়, সপ্তাহের শেষ দিনে বেইজিংয়ের কোন কোন এলাকায় দৃষ্টিসীমা ২০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। সোমবার সকাল ১০টায় বেইজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের বায়ুদূষণ পর্যবেক্ষণ যন্ত্র বাতাসে ক্ষতিকর কণার উপস্থিতি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ১০ গুণ বেশি দেখায়।
সবচেয়ে বেশি দূষণ আক্রান্ত কিছু এলাকায় দূষণ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ প্রতি ঘন মিটার বাতাসে ২৫৬ মাইক্রোগ্রাম পর্যন্ত পৌঁছে যায়। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত এর গ্রহণযোগ্য মাত্রা মাত্র ২৫ মাইক্রোগ্রাম। সূত্র: বিবিসি
