সিরিয়ার সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির পূর্বাঞ্চলে চালানো এক বিমান হামলায় তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে সিরিয়া সরকার। ২০১৪ সালের সেপ্টেম্বরের পর এটিই দেশটির সেনাবাহিনীর ওপর প্রথম বিমান হামলার ঘটনা।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার ঘটনায় আরো ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে। সংস্থাটি প্রথমে চার জন নিহত হওয়ার কথা জানালেও এখন বলছে নিহতের সংখ্যা তিন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক ইমেইল বার্তায় দাবি করেছে, তারা রবিবার দির এজ জউর এলাকায় চার বার বিমান হামলা চালিয়েছে। প্রত্যেকবারই আইএস নিয়ন্ত্রিত তেলকুপগুলোকে লক্ষ্য বানানো হয় বলে তাদের দাবি।
ওই এলাকায় পৃথক আরেক হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এই হামলাও মার্কিন বিমান বাহিনী চালিয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গত বছরের মাঝামাঝি সময় থেকে আইএসের ওপর নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে জোট বাহিনী।
সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের এই যুদ্ধের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন সিরীয় কর্মকর্তারা। বিশেষ করে জোটে ফ্রান্স ও যুক্তরাজ্য যোগ দেওয়ার পর প্রশ্নটি আবারো সামনে চলে এসেছে। সূত্র: আল জাজিরা
