মুম্বাইয়ে হামলার অন্যতম অভিযুক্ত মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলিকে ক্ষমা করে দিয়েছে ভারতের আদালত। হেডলির রাজসাক্ষী হওয়ার আবেদন আদালত গৃহীত হওয়ার পর গত বৃহস্পতিবার আদালত ক্ষমার আবেদন মঞ্জুর করেন। তবে আদালত এক্ষেত্রে বেশ কিছু শর্তারোপ করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত স্থান থেকে বৃহস্পতিবার ভিভিও লিংকের মাধ্যমে আদালতে হাজিরা দেন হেডলি। এর আগে হেডলির রাজসাক্ষী হওয়ার আবেদন আদালতে দাখিল করেন বিশেষ পাবলিক প্রসিকিউট উজ্জ্বল নিকাম। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে পরামর্শের জন্য সময় চান তিনি।
আদালতকে হেডলি বলেন, ‘আমার বিরুদ্ধে আদালতে আনীত অভিযোগগুলো আমি পেয়েছি। যুক্তরাষ্ট্রে যে অভিযোগে আমি সাজাভোগ করছি আর এই অভিযোগুলো একই। স্বীকার করছি হামলার সঙ্গে আমি জড়িত ছিলাম।’
হেডলি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমি এসবের দায় স্বীকার করেছি। এছাড়া আমি আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষী হতে প্রস্তুত। যদি আদালত আমাকে ক্ষমা করে দেয় তবে ওই ঘটনার বিষয়ে প্রশ্নের উত্তর আমি দিতে চাই।’
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হেডলি ছিলেন লস্কর-ই-তৈয়বার সদস্য। মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী হিসেবে যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের কারাভোগ করছেন তিনি। ২০১০ সালে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) একটি দলকে যুক্তরাষ্ট্রে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছিল।
মুম্বাইয়ে হামলার আগে ২০০৭-০৮ সালে হেডলি বেশ কয়েকবার ভারত সফর করেন। তিনি হামলাকারীদের ভিডিও ফুটেজ, হামলার রুট ও জিপিএস সমন্বয় করার দায়িত্বে ছিলেন যাতে করে দশজন হামলাকারীই সর্বোচ্চ নাশকতা চালাতে পারে। পাকিস্তানি নাগরিক আজমল কাসাবসহ ১০ সন্ত্রাসী ২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বাইয়ের তাজ হোটেলসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়। এতে কমপক্ষে ১৬০ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়ন। সূত্র: আল জাজিরা ও বিবিস
