আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে মার্কিন টেলিভিশন চ্যানেল এমটিভি-র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত দুই জন নিহত হয়েছে। এতে এমটিভি-র ফিল্ম ক্রুরা ছিল।
গতকাল শনিবার কর্মকর্তারা একথা জানান। মেন্দোজা প্রদেশের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিয়ানি ভেনিয়ের জানান, প্রাদেশিক রাজধানী মেন্দোজা নগরী থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। নগরীটি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আায়ার্স থেকে প্রায় এক হাজার মাইল (৬শ’ কিলোমিটার) দূরে অবস্থিত।
দুর্ঘটনায় হেলিকপ্টারটির চালক ও একজন কারিগরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কর্মীরা হেলিকপ্টারের ধ্বংসস্তূপের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এটা আর্জেন্টিনায় এমটিভি’র দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। মার্চ মাসে একটি রিয়েলিটি টিভি শোর শুটিং চলাকালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় আট ফরাসী ও দুই আর্জেন্টাইন নাগরিক নিহত হয়। এএফপি।
