নব্য ইসলামি প্রজাতন্ত্রে পরিণত হওয়া গাম্বিয়ায় সরকারি চাকরিরত নারীদের কর্মস্থলে চুল খোলা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসি বলছে, ফাঁস হয়ে যাওয়া সরকারি নতুন এই নির্দেশনাটি স্থানীয় গণমাধ্যমে উদ্ধৃত হয়েছে।
লিখিত ওই নির্দেশনায় বলা হয়েছে, নারীদের উচিত চুল সুন্দর করে বেঁধে হেড টাই ব্যবহার করা। তবে এ ব্যাপারে কোনো কারণ নির্দেশনায় উল্লেখ করা হয়নি। ৪ জানুয়ারির তারিখ দেওয়া ওই নির্দেশনাটি দেশটির সরকারবিরোধী বলে পরিচিত ফ্রিডম এবং জোলোফ নিউজ সংবাদপত্রে প্রকাশিত হয়। তাতে বলা হয়, সরকারি মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থায় চাকরিরত নারীদের কর্মস্থলে চুল খোলা না রাখার এই নির্বাহী আদেশ জারি করা হয়েছে। এবং সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
IMG0
প্রসঙ্গত, গেল মাসে গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে পশ্চিম আফ্রিকার এই দেশটিকে ‘ইসলামি প্রজাতন্ত্র’ ঘোষণা করেন। তখন তিনি বলেছিলেন, দেশে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হলেও নতুন কোনো পোশাক আইন ঘোষণা করা হবে না এবং অন্য ধর্মের অনুসারীরা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। জাম্মের সমালোচকেরা মনে করেন, দরিদ্র এই দেশটির নাজুক অর্থনীতি ও প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির দিক থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবেই এই ঘোষণা দেয়া হয়েছে। দেশটির বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস পর্যটন খাত।
সাম্প্রতিক সময়ে গাম্বিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তিক্ততার সৃষ্টি হয়েছে।সাবেক ব্রিটিশ উপনিবেশের এই দেশটির মানবাধিকার পরিস্থিতি ভালো না থাকায় গেল বছর ইউরোপীয় ইউনিয়ন সাময়িকভাবে দেশটির অর্থসাহায্য বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, ইয়াহিয়া জাম্মে ২১ বছর ধরে গাম্বিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছেন। বিবিসি।
