ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাম-কংগ্রেস জোট হলেও তারা হারবেন না। তারা তাদের লড়াই ঠিকই চালিয়ে যাবেন। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাধারণ পরিষদের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মমতা বলেন, জোট হলে আমাদের কিছুই হবে না। এতে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যতদিন বেঁচে থাকব, কেউ আমাদের দুর্বল করতে পারবে না। আর সিংহের মতোই সেই বেঁচে থাকা হবে। বিধানসভা ভোটে তৃণমূলকে প্রতিরোধ করতে বাম-কংগ্রেস দুই শিবিরেই এখন জোট-সওয়াল তুঙ্গে। সেজন্যই তাদের ‘এক বৃন্তে দু’টি কুসুম’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “যে সিপিএম ইন্দিরা গান্ধীকে স্বৈরাচারী বলতো, তারাই এখন কংগ্রেসকে বলছে, হাত ধরে নিয়ে চলো হে সখা”। আর কংগ্রেসও বলছে, “আয় তবে সহচরী। ভূতের মুখে রাম নাম!’’ জোট না করার জন্য কংগ্রেসকে আবেদন এবং আদর্শচ্যুতির অভিযোগ তুলে সিপিএমকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, এক্ষেত্রে আদর্শ একটি বড় বিষয়। যারা আদর্শ বিসর্জন দেয়, তাদের অস্তিত্ব টিকে থাকে না।
বাম-শাসনের ইতি টানতে ২০১১ সালের বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূলের হাত ধরে পরিবর্তনে শামিল হয়েছিল। সেই কংগ্রেসই এখন সিপিএমের সঙ্গী হতে চলেছে। মমতা বলেন, তাদের এই নীতিহীনতার বিরুদ্ধে আমরা লড়ে যাবো। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, জোট হলেও তৃণমূল হারবে না। -আনন্দবাজার পত্রিকা
