বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৫৫ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, এসব মৃত্যুর অধিকাংশই হয় চীন ও ভারতে। উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কয়লাভিত্তিক বিদ্যুতের ওপর নির্ভরশীল এই দেশদুটি।
এই রিপোর্ট অনুযায়ী বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ অকালে মারা যায়। আর ধূমপানের কারণে বছরে সর্বোচ্চ ৬০ লাখ মানুষ মারা যায়।
এসব দূষণের বেশিরভাগই হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পরিবহন ও খোলা যায়গায় আগুন জ্বালানোর ফলে। জ্বালানী পুড়ানোর ফলে ক্ষুদ্র ক্ষুদ্র দূষণ সৃষ্টিকারী কণা বাতাসে মিশে বায়ুকে দূষিত করছে। এছাড়াও ভারত ও আফ্রিকার দেশগুলোতে রান্নার জন্য কয়লা, কাঠ ও গোবর পুড়ানোর ফলেও উল্লেখযোগ্য পরিমাণে বায়ু দূষিত হচ্ছে।
এই দূষণের সংস্পর্ষে থাকার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগগুলো বেশি হচ্ছে। গবেষণায় দেখা গেছে, প্রতি বছর চীনে ১০ লাখ ও ভারতে প্রায় পাঁচ লাখ মানুষ এই দুটি রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন যেখানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও যুক্তরাষ্ট্র মিলে প্রায় তিন লাখ মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মারা যান।
