তুরস্কে গাড়িবোমা হামলায় ২ পুলিশ নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৯:০৬
তুরস্কের দক্ষিণাঞ্চলের মার্দিন প্রদেশে গাড়িবোমা ও রকেট হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার জন্য কুর্দি মিলিশিয়াদের দায়ী করেছেন।
 
তুর্কি কর্মকর্তাদের দাবি, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি- পিকেকে মিলিশিয়ারা সিরিয়ার সীমান্তবর্তী ট্রাফিক পুলিশ স্টেশনে শুক্রবার ভোরে হামলা চালায়। এতে পুলিশ স্টেশনসহ পার্শ্ববর্তী বাড়িগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
শুক্রবার ভোর ৬টার দিকে বিস্ফোরণের পর পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলির লড়াই শুরু হয়। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
 
গত জুলাইয়ে পিকেকে ও তুরস্ক সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকেই কুর্দি অধ্যুষিত দক্ষিণাঞ্চলে হামলা বৃদ্ধি পেয়েছে। গত আট মাসে সেখানে কয়েকশ মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে তুরস্কের অন্যান্য এলাকাতেও হামলার ঘটনা বেড়ে গেছে। গত মাসে আঙ্কারায় বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছিলেন। সূত্র: রয়টার্স