বর্তমানে ১০ জন ব্যক্তি ও ১০ কোম্পানিকে এক বছরে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড দেয়ার মাধ্যমে সম্মাননা দেয়া হলেও তা কয়েকগুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের দীর্ঘদিনের দাবি ও বাস্তবতা বিবেচনায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ তিনটি ভাগে ১০১ জন করে মোট ৩০৩ জন ব্যক্তি ও কোম্পানিকে আগামীতে সম্মাননা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য এনবিআরের ট্যাক্স কার্ড প্রদান সংক্রান্ত নীতিমালায় সংশোধন আনা হবে। এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
জানা গেছে, বর্তমানে ২০১০ সালের ট্যাক্স কার্ড প্রদান নীতিমালার আওতায় ২০ ব্যক্তি ও কোম্পানিকে সর্বোচ্চ করদাতার ভিত্তিতে সম্মাননা দেয়া হচ্ছে। এর বাইরে দেশের সব জেলা ও সিটি কর্পোরেশন এলাকার প্রতিটিতে ৩ জন শীর্ষ করদাতা ও ২ জন দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তবে বিদ্যমান নীতিমালায় অনেক সীমাবদ্ধার কথা জানিয়ে এটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। নতুন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেবা দানকারী প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, সরকার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান, সিনিয়র নাগরিকের পাশাপাশি তরুণ (৪০ বছর বয়নের নিচে) করদাতাদেরও ট্যাক্সকার্ডে অন্তর্ভূক্ত করা হবে। এছাড়া ডাক্তার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, পরামর্শক এবং বেতনভোগী ব্যাক্তিরাও এ তালিকায় আসতে পারেন। নীতিমালা সংশোধনের লক্ষ্যে এনবিআর সদস্য পারভেজ ইকবালকে প্রধান করে ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে কমিটিকে এ বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর মধ্যে জাতীয় পর্যায়, নারী ও তরুণদের নিয়ে আলাদা তালিকা করতে বলা হয়েছে।
আয়কর দিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখায় ২০০৯-১০ অর্থবছর থেকে সরকার ট্যাক্স কার্ড দেয়ার মাধ্যমে সম্মাননা জানিয়ে আসছে। কিন্তু নীতিলার সীমাবদ্ধতার কারণে একই ব্যক্তি ও প্রতিষ্ঠান কেবলমাত্র উৎসে কর কর্তনের কারণে বছরের পর বছর শীর্ষ করদাতার সম্মাননা পেয়ে আসছিলেন। অনেক বেশি কর দেয়া সত্বেও বিদ্যমান সীমাবদ্ধতায় অনেক প্রতিষ্ঠান তা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।
এ বিষয়ে সোচ্চার হয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের পক্ষ থেকে এ নীতিমালা সংশোধনের দাবি জানানো হয় যাতে বেশি সংখ্যক ব্যক্তি ট্যাক্স কার্ড পেতে পারেন।
