ব্রাজিলের পর্যটনমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১১:২৩
 
ব্রাজিলের পর্যটনমন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভেস পদত্যাগ করেছেন।  স্থানীয় সময় সোমবার তিনি পদত্যাগ করেছেন।
 
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটনমন্ত্রীই প্রথম, যিনি ক্ষমতাসীন ব্রাজিলিয়ান ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টির (পিএমডিবি) সরকার থেকে পদত্যাগ করলেন। এর ফলে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ওপর চাপ বাড়ল বলে ধারণা করা  হচ্ছে। ক্ষমতাসীন জোট অটুট থাকবে কি না, তা নিয়ে পিএমডিবির নেতাকর্মীরা মঙ্গলবার ভোট দেবেন।
 
দেশটির পার্লামেন্টের বিরোধী দলের আইনপ্রণেতারা রৌসেফকে সরাতে চান। তাদের অভিযোগ, রৌসেফ দেশে ক্রমবর্ধমান ঘাটতির মুখে অর্থের হিসাব আড়াল করেছেন।
 
সাবেক সামরিক সরকারের রাজবন্দি রৌসেফ ১৪ মাস আগে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছেন। কিন্তু সরকারের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার জনপ্রিয়তা কমে গেছে।
 
দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো কুনহা বলেন, আগামী ডিসেম্বর রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে যাচ্ছেন তারা।
 
তবে গত সপ্তাহে রৌসেফ দাবি করেছেন, তিনি কোনো ভুল কাজ করেননি।
 
অভিশংসন এড়াতে নিম্নকক্ষের ৫১৩ সদস্যের মধ্যে এক-তৃতীয়াংশ সমর্থন দরকার দিলমা রৌসেফের।