ফরিদপুর পৌরসভার ০১ নং হাবিলী গোপালপুর এলাকার একটি বাড়ি থেকে মাহমুদুল হাসান নামে একজন এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।
পরিবারের দাবি, শনিবার দুপুরের পর কোনো এক সময় তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের অভিযোগ এনে তারা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মাহমুদুল বাবা-মায়ের সঙ্গে ওই এলাকার মো. মনিরুজ্জামান নান্নুর ভাড়া বাড়িতে থাকেন। মো. মোয়াজ্জেম হোসেন মৃধা ও মাহমুদা আক্তার দম্পতির ছেলে মাহমুদুল সরকারি ইয়াসিন কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী। সকালে মাহমুদুলকে বাসায় রেখে কর্মস্থলে যাই। দুপুরে বাসায় ফিরে এসে আর তাকে (ছেলে) খুঁজে পাইনি। পরে তার কক্ষে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখাছিলো মৃধা তোর ছেলেকে তুলে নিয়ে গেলাম। পুলিশকে জানালে লাশ পাঠিয়ে দেবো। আমার ব্যবসায় আগুন লাগাইছিস। দুইটা পরীক্ষা শেষ হলে তোর ছেলেকে ফেরত পাঠিয়ে দেবো। ফেল। হা হা হা।’
মা মাহমুদা বেগম বলেন, ‘তার ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনটি পরীক্ষা দিয়েছে।’
পুলিশ বলছে, এটা অপহরণের ঘটনা দাবি করা হলেও কারা, কি কারণে অপহরণ করেছে তা তারা জানাতে পারেননি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতকে উদ্ধারে কাজ করছে পুলিশ।’
