ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভোটপর্ব শেষ হওয়ার আগেই শাসকদল বুঝতে পেরেছে, তাদের পরাজয় শুধুই সময়ের অপেক্ষা। ওরা আসলে দেয়ালের লিখন পড়তে পেরেছে। বুঝতে পেরেছে, এ রাজ্যে (পশ্চিমবঙ্গে) কী ঘটতে চলেছে। তিনি বলেন, তৃণমূলের হাতে রাজ্য আজ বিপন্ন। তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুটেরও অভিযোগ করেন। গতকাল উত্তর ২৪ পরগনার বসিরহাট ছাড়াও হাওড়ায় বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির হয়ে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী মোদী। খবর আনন্দবাজার পত্রিকার।
বামপন্থিরা ক্ষমতা হারানোর পর সকলেই ভেবেছিল, অন্ধকার কেটে গেছে। আর কোনও সমস্যা থাকবে না। নতুন সূর্য উঠবে। কিন্তু দেখা গেল, হয়েছে উল্টোটা। গোটা রাজ্যটাই ডুবে গিয়েছে অমাবস্যার অন্ধকারে। পশ্চিমবঙ্গে পানীয় জলের সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গিয়েছে। কেন্দ্র টাকা দিলেও তা খরচ করা হয়নি। যে হাওড়ার মতো শিল্পাঞ্চল একদিন গোটা রাজ্যের মানুষের রোজগারের জায়গা ছিল, সেই হাওড়ার মানুষই এখন রুটি-রুজির আশায় মুম্বাইয়ে পাড়ি জমাচ্ছেন। বামপন্থিদের জমানাতে পরিস্থিতি যা ছিল, দিদির ‘পরিবর্তনের জমানাতে’ও তা বদলায়নি। বরং পরিস্থিতির হাল আরো খারাপ হয়েছে। এ রাজ্যে যারা সরকার চালাচ্ছে, তারা গোটা রাজ্যটারই সর্বনাশ করে দিয়েছে। সারদা আর নারদ কাণ্ডে টাকা লুঠ করেছে শাসক দল। আর এখন ভোটের সময় ভোট লুট করা হচ্ছে।
