কেরালায় অটোরিক্সায় ছাত্রীকে গণধর্ষণ

আপডেট : ০৪ মে ২০১৬, ১৬:৩২
ভারতের কেরালা রাজ্যে অপর এক ছাত্রী অটোরিক্সার মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। এর আগে ধর্ষণের চিহ্নসহ আইনের এক ছাত্রীর লাশ পাওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো। 
 
মঙ্গলবার রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের কাছে ১৯ বছর বয়সী নার্সিংয়ের ওই ছাত্রীকে  তার বন্ধু ও অপর এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন, তার বন্ধু শিজু (২৪) ও সুজিত (২৫) তাকে লাঞ্ছিত করেছেন। শিজুর অটোরিক্সায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়েছে।
 
এর আগে বৃহস্পতিবার ৩০ বছর বয়সী আইনের এক ছাত্রীকে পেরুমবাভুরের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃতদেহের নাড়িভুড়ি বের হয়ে ছিল। এলাকাটি তিরুবনন্তপুরম থেকে ২০০ কিলোমিটার দূরে। চলতি সপ্তাহে ওই বীভৎস হত্যাকাণ্ডের বিস্তারিত প্রকাশ পায়। ঘটনার ছয়দিন পর মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল কর্ডন করে। 
 
এতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ক্ষোভ তৈরি হয়। ১৬ মে রাজ্য বিধানসভার নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ভেসে যাওয়া রক্তের মাঝে কন্যার লাশ খুঁজে পান মা। এতে মারাত্মক মানসিক আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন ওই মা। ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার সময় তার মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়।  এই হত্যার ঘটনাকে সরকার ‘গুরুত্বের’ সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমেন চান্দি। এনডিটিভি।