হজ থেকে বাড়তি আয় করতে উদ্যোগী সৌদি আরব

আপডেট : ২৬ মে ২০১৬, ১৪:২০
 
হজ থেকে বাড়তি আয় করার উদ্যোগ নিচ্ছে সৌদি আরব সরকার। মূলত তেলের ওপর থেকে দেশটির অর্থনৈতিক নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য উৎস থেকে আয় বাড়ানোর পরিকল্পনা থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দেশটি হজ ও 'ধর্মীয় পর্যটন' ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে।
 
বিবিসি বলছে, সম্প্রতি দেশটি বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের যে ঘোষণা দিয়েছে তারই অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হজ ও ধর্মীয় পর্যটন খাতে আয় বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করা, বিভিন্ন ঐতিহ্যবাহী শহরের মধ্যে যাতায়াত ব্যবস্থার উন্নতি এবং শিল্প-সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে নতুন নতুন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এ সব পরিকল্পনা দেশটির ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরব হজ করতে যাওয়া ব্যক্তিদের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি কমিয়ে আনার কথা ভাবছে।
 
এখন পর্যন্ত, হজব্রত পালন করতে যাওয়া ব্যক্তিরা সৌদি আরবের কোথায় কোথায় যেতে পারবেন এবং দেশটিতে কতদিন থাকতে পারবেন সেসব বিষয়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ নজরদারি করে থাকে। দেশটির সংস্কৃতি ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ কড়াকড়ি কমিয়ে এমন নিয়ম চালু করতে চান যেন মক্কা ও মদিনা সফরে আসা হজযাত্রীরা চাইলেই তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেন।
 
এর ফলে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন শহর ও স্থাপনা ভ্রমণে উৎসাহিত হবেন হাজিরা।
 
সৌদির পর্যটন ও ঐতিহ্য কমিশনের প্রধান প্রিন্স সুলতান বিন সালমান বলেন, 'ধর্মীয় দায়িত্ব শেষ করার পর হজযাত্রীরা যেন মদিনার কাছাকাছি মাদাইন সালের মতো বিভিন্ন পুরাকীর্তি দেখতে পারেন সে ব্যাপারে আমরা কাজ করছি। আমাদের আরো আকর্ষণীয় স্থান রয়েছে যেগুলো ভ্রমণকারীদের সাম্রাজ্যের অন্যান্য জায়গায় যেতে উৎসাহিত করবে।'
 
'ধর্মীয় পর্যটন' উৎসাহিত করতে সৌদি আরব এরইমধ্যে বড় বড় সব প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি।