‘তাত্ত্বিক’-কে নেতা বানিয়েছে তালেবান

আপডেট : ২৮ মে ২০১৬, ২১:২২
আফগান তালেবানের নতুন প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা পূর্বসূরীদের মতো ‘সৈনিক নন’, বরং তিনি একজন ‘তাত্ত্বিক নেতা’ বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
 
গত শনিবার পাকিস্তানে আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর আখুন্দজাদাকে বুধবার গোষ্ঠীটির প্রধান হিসাবে ঘোষণা করা হয়। আফগানিস্তানে তালেবানের পাঁচ বছরব্যাপী শাসনকালে আখুন্দজাদা দেশটির একজন জ্যেষ্ঠ বিচারক ছিলেন। ওই সময় তালেবানের দেওয়া অনেক কঠোর ফতোয়া তার তরফ থেকেই এসেছিল বলে জানিয়েছে এনডিটিভি।
 
তালেবানের সাবেক প্রধানদের মতো আখুন্দজাদাও আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহার থেকেই এসেছেন। মোল্লা মনসুর ও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরও কান্দাহারেরই লোক ছিলেন। ওমর ২০১৩ সালে অসুখে ভুগে মারা যান।
 
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে তালেবান ক্ষমতা হারানোর পর আখুন্দজাদাকে তালেবানের ‘প্রধান বিচারক’ মনোনীত করা হয়। পঞ্চাশোর্ধ্ব আখুন্দজাদা মনসুরের ঘনিষ্ঠ সহযোগী ও তার দুই উপপ্রধানের একজন।
 
তালেবান বিশেষজ্ঞ রহিমুল্লাহ ইউসুফজাইয়ের তথ্যানুযায়ী, ১৯৭৯ থেকে ১৯৮৯ পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের সময় আখুন্দজাদা পাকিস্তানে চলে গিয়েছিলেন। তিনি ওমর ও মনসুরের মতো যুক্তরাষ্ট্রের সমর্থিত আফগান মুজাহিদের হয়ে লড়াই করে ‘নাম’ করেননি।
 
মনসুরের মতো তিনিও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার বিষয়টি এড়িয়ে যাবেন কীনা তা এখনো পরিষ্কার নয়। তবে বিশ্লেষকদের ধারণা, ওমর বা মনসুরের চেয়ে তিনি অনেক বেশি তার শুরা কাউন্সিলের ওপর নির্ভর করবেন এবং সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই তাকে চলতে হবে।