লতা-শচীনের ব্যাঙ্গ ভিডিও নিয়ে ভারতে হৈ চৈ

আপডেট : ৩০ মে ২০১৬, ২০:১৭
মুম্বাইয়ের জনপ্রিয় কমেডিয়ান তন্ময় ভাটের একটি ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। কিংবদন্তী তারকা লতা মঙ্গেশকর ও শচীন টেন্ডুলকারকে নিয়ে ব্যাঙ্গাত্মক ভিডিও বানিয়ে তিনি এই সমালোচনায় পড়েন।  
 
মুম্বাই পুলিশ জানিয়েছে, এ নিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) দায়ের করা একটি মামলার তদন্ত করছেন তারা। এদিকে ভিডিওটি ব্লক করে দেওয়ার জন্য পুলিশ গুগল ও ইউটিউবের সঙ্গে যোগাযোগ করছে।
 
ক্ষমতাসীন বিজেপি ও শিব সেনা কমেডিয়ান তন্ময় ভাট এবং কমেডি স্কেচ গ্রুপ এআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিসের কাছে আবেদন জানিয়েছেন।
ভিডিওটির শিরোনাম ছিল ‘শচীন বনাম লতার গৃহযুদ্ধ’। এতে লতা ও শচীনকে নিয়ে অসম্মানজনক রসিকতা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটিতে শচীনের চেহারা বিকৃত করে ক্রিকেটার বিরাট কোহলি সম্পর্কে বাজে মন্তব্য করেন তন্ময়। পরে লতা মঙ্গেশকরের চেহারা নিয়ে তাকে অপমান করেন তিনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন কে ভালো খেলোয়াড় শচীন না কোহলি।
 
গত ২৬ মে নিজের ফেসবুক পেইজে এটি আপলোড করেন তন্ময়। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হয়।
 
এখন প্রশ্ন উঠেছে এটি মজা না আক্রমণ নাকি কোনোটাই নয়। এ নিয়ে অভিনেতা ও কমেডিয়ান অনুপম খের বলেন, আমি ৯ বার শ্রেষ্ঠ কমিক অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এ ধরনের রসিকতার মানে হয় না। এটি অস্বস্তিকর এবং অসম্মানজনক। এছাড়া আরো অনেকেই একে ন্যক্কারজনক বলে প্রতিবাদ জানিয়েছেন। সূত্র: এনডিটিভি