বেলজিয়ামে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০

আপডেট : ০৬ জুন ২০১৬, ১০:০৮
 
বেলজিয়ামের হারমাল্লে-সৌস-হুই শহরে হওয়া এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন।
 
বেলজিয়ামের ট্রেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইনফ্রারেবল জানায়, যাত্রীবাহী একটি ট্রেন প্রচণ্ড গতিতে মালবাহী একটি ট্রেনের পেছনে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেন একই লাইনে অবস্থান করছিল।
 
এদিকে ফ্রান্সের এল'অ্যাভেনিরকে দেয়া সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী জানায়, ট্রেন দুটির বেশ কিছু বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দেশটির জাতীয় রেল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসএনসিবি ও ইনফ্রারেবলের পক্ষ থেকে জানানো হয়, ঘণ্টা ৯০ কিলোমিটার বেগে ছুটতে থাকা যাত্রীবাহী ট্রেনটি মালবাহী ট্রেনকে সজোরে আঘাত করে। এতে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বিবিসি।