তুরস্কে বাস খালে পড়ে নিহত ১৪, আহত ২৪

আপডেট : ০৬ জুন ২০১৬, ১১:৩২
 
তুরস্কের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একটি বাস খালে পড়ে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৪ জন। পাকিস্তান ট্রিবিউন জানায়, রবিবার শিক্ষা সফর থেকে ফেরত আসার পথে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে ছিটকে পড়ে।
 
এই দুর্ঘটনায় তিনজন ছাত্র, তিন জন নারী নিহত হন। আহত ২৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে। এদিকে দুর্ঘটনার পর বাসটি খাল থেকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়েছে।
 
স্থানীয় সংবাদমাধ্যম দোগান জানিয়েছে, স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ওসমানিয়া শহরের বাইরে কারাতিপি নামের একটি প্রত্নতাত্ত্বিক এলাকা থেকে শিক্ষাসফর শেষে ফিরছিল। শহরে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়। এতে ১৪ জনের মৃত্যু হয়।
 
দোগান জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রিবিউন ডটকম ডটপিকে।