প্রায় ১৫ বছর আগে পরিচালক মাইকেল ম্যান যখন প্রস্তাবটা নিয়ে এসেছিলেন, তখন হয়তো নিজেকে সবচেয়ে গর্বিত মানুষ ভেবেছিলেন উইল স্মিথ। ‘দ্যা গ্রেটেস্ট’ মোহাম্মদ আলির জীবনাদর্শ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে তার অভিনয়ে, এর চেয়ে গর্বের আর কী হতে পারে!
এবারের গর্বটা কি আরো বড় নয়! আলিকে নিজ কাঁধে বহন করে ‘কেভ হিল সিমেট্রি’-তে নিয়ে যাবেন স্মিথ। পরম মমতায় দ্য গ্রেটেস্টকে কেনটাকির লুইভিলের প্রাণপ্রিয় মাটিতে ঘুম পড়িয়ে দিবেন আমেরিকান অভিনেতা।
সেই ২০০১ সালে ‘আলি’ চলচ্চিত্রে কিংবদন্তির চরিত্রে অভিনয়ের পর থেকেই মোহাম্মদ আলির পরিবারের একজন হয়ে গিয়েছিলেন স্মিথ। সন্তানের মতো আদর স্নেহ পেয়েছেন মোহাম্মদ আলির কাছ থেকে। আলির জীবনের শেষ দিন পর্যন্ত যেটা বজায় থেকেছে।
প্রিয় মানুষের চিরবিদায়ের খবরটা শোনার পর থেকেই যেন স্তব্ধ হয়ে গিয়েছিলেন ‘মেন ইন ব্ল্যাক’, ‘দ্যা পারসুইট অব হ্যাপিনেজ’ চলচ্চিত্রে অভিনয় করা স্মিথ। দ্যা গ্রেটেস্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, ‘আপনি বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। আমার মেন্টর, আমার বন্ধু। আমার জীবনকে বদলে দিয়েছেন আপনি। শান্তিতে ঘুমান হে মাহামানব।’
আলির শব বহনকারী আটজনের মধ্যে থাকবেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রিটিশ বক্সিং গ্রেট লেনক্স লুইস। স্মিথ এবং লুইস ছাড়া আলির কফিন বহনকারী বাকি ছয়জন তার পরিবারের সদস্য কিংবা পারিবারিক বন্ধু। তারা হলেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জিমি এলিসের ভাই জেরি এলিস, আলির কাজিন জন গ্র্যাডি এবং জ্যান ওয়াডেল, ভাইয়ের ছেলে ইবন আলি, শ্যালক কোমাবি আলি এবং পারিবারিক বন্ধু জন রামসে।
গত ০৩ জুন পৃথিবীর মায়ালোক ত্যাগ করেন আলি দ্যা গ্রেটেস্ট। আগামী শুক্রবার শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্থিব জীবনের সঙ্গে শেষ শারীরিক সম্পর্কটুকুও ছিন্ন করবেন কিংবদন্তি। ‘দ্যা গ্রেটেস্ট’র শেষকৃত্য অনুষ্ঠান হবে ইসলামিক রীতি অনুযায়ী। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ। মূল শ্রদ্ধানুষ্ঠান হবে শুক্রবার কেএসফি ইয়াম সেন্টারে। তবে তার আগের দিন বৃহস্পতিবার পারিবারিকভাবে শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন হবে। শুক্রবার মূল শ্রদ্ধানুষ্ঠানের আগে আরেকবার শুধু পরিবারের সদস্যদের ভালোবাসায় সিক্ত হবেন আলি। এরপর লুইভেলির রাস্তায় শবযাত্রায় অংশ নিবেন লক্ষ মানুষ। তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়নকে শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা দিবেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন। -ডেইলি মেইল
